দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতা

ঘর বা ঘরের বাইরে– কোথাও যেন নারী এখন আর নিরাপদ নয়। খুন, ধর্ষণসহ নারীর প্রতি সব ধরনের সংহিসতা বা বর্বরতা প্রতিদিন বেড়েই চলছে। অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি পারিবারিক সংহিসতার শিকার হচ্ছে নারী। কাজের জায়গা বা গণপরিবহন– সব জায়গাতেই যৌন হয়রানির শিকার হচ্ছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমও যেন হয়ে উঠছে নারীকে হয়রানি করার জায়গা। আর শিশু থেকে বৃদ্ধা, এ থেকে পার পাচ্ছে না কেউই।

পুলিশের জরুরি সেবা ‘৯৯৯’-এর তথ্যে উঠে এসেছে দেশের নারীদের অনিরপত্তার ভয়াবহ চিত্র। এ বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত একটা হিসাব পাওয়া গেছে ৯৯৯ থেকে। সেই হিসাব অনুযায়ী আট মাসে নারীর প্রতি সহিংসতার ২৭ হাজার ৯১১টি ঘটনা ঘটেছে। এর মধ্যে পারিবারিক সহিংসতার ঘটনাই বেশি। স্বামীর নির্যাতনের শিকার হয়েছে ১৭ হাজার ১৯৬ জন। অন্যের মাধ্যমে সহিংসতার শিকার হওয়ার ঘটনা ৫ হাজার ৮২০টি। অ্যাসিড ছুড়ে মারা, ধর্ষণের ঘটনা, ধর্ষণচেষ্টা, যৌন হয়রানি ও ইভ টিজিং ছাড়াও এ সময়ের মধ্যে ৬ জন নারীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক সহিংসতার বড় একটি কারণ যৌতুক। এর কারণে এই আট মাসে ২৯১ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন।

২০২৫ সালেও নারীর প্রতি সংহিসতা এতটা ছিল না। ২০২৫ সালে পুরো বছরে নারীর প্রতি সহিংসতার মোট ঘটনা ছিল ৩২ হাজার ৩৮৬টি। এর মধ্যে স্বামীর নির্যাতনের শিকার হয়েছে ১৮ হাজার ৬২৬ জন। ২০২৬ সাল শেষ হতে এখনো ৪ মাস বাকি। এই সময় শেষে নারীর প্রতি সহিংসতার ঘটনার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা ভেবে সংশ্লিষ্টরা যেন শিউরে উঠছেন।

/আরএ/

বিষয়:

অপরাধ