একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমান (মাঝে)

রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো- মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা। বিভিন্ন মেয়াদে এই প্রকল্প তিনটি চালু হবে।

জাপানের অর্থায়নে তৈরি হবে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমালাপুর)। ৩১.২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। আর ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। এটিরও অর্থায়ন করবে জাপান। অন্যদিকে ১৩.১০ কিলোমিটার আন্ডরগ্রাউন্ডসহ ১৭.২০ কিলোমিটার দৈর্ঘের এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে এই প্রকল্পে অর্থায়ন করবে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, শুরুতে একনেকের মূল এজেন্ডায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি উপস্থাপনের কথা ছিল। তবে পরে সমন্বিত অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে মোট ব্যয় ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে মোট ব্যয় হবে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

আর ১৩ দশমিক ১০ কিলোমিটার পাতালপথসহ মোট ১৭ দশমিক ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

/জেএইচ/