৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ

স্থানীয় সরকার নির্বাচন ২০২৭ সালের ৬ জুনের আগে শেষ করতে হবে। এজন্য যত দ্রুত সম্ভব ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভা শেষে একথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সংসদ নির্বাচনের মতোই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার বিষয়ে বৈঠকে সবাই সম্মত হয়েছেন। আমরা প্রাথমিক যে তারিখ দিয়েছিলাম সেটি সম্ভাব্য সময় ছিল।

নভেম্বর থেকে নির্বাচন শুরু হবে কি না-জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, আজকের বৈঠক থেকে যে তথ্য-উপাত্ত পেয়েছি তা নিয়ে কমিশন সভায় আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়াও, বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসবি/