শিরোনাম

জ্বালানি তেল মজুদ আছে, রেশনিং করে চলতে হবে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেল মজুদ আছে, রেশনিং করে চলতে হবে: মন্ত্রী
জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সিটিজেন জার্নাল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমাদের তেল মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। সব একেবারে না শেষ করে যদি চলার মতো ব্যবস্থা করি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো।

রবিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বলেন, আমরা একটা ভঙ্গুর এবং ঋণে জর্জরিত বাংলাদেশ পেয়েছি। এমন এক সময়ে এসে সরকার গঠন করেছি, এর কয়েকদিন পরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। জ্বালানির উৎপত্তিস্থল হচ্ছে মধ্যপ্রাচ্য। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এখন প্রতিদিন আমাকে জবাবদিহি করতে হয়।

তিনি বলেন, অলরেডি আজ বেলা ১১টায় একটা জাহাজ নোঙর করেছে। আরেকটা জাহাজও নোঙর করার কথা। জাহাজগুলো থেকে তেল ডেলিভারি করার পরে মজুদ আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে, আমরা যত ইচ্ছা তত ব্যবহার করবো। রেশনিং পদ্ধতি আমরা চালিয়ে যাবো।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পেট্রোল পাম্পের পাশে বিশাল লাইন দেখা যায়। আমরা বলেছি– যেহেতু যুদ্ধ লেগেছে এবং যুদ্ধকালীন অবস্থার মধ্যে বসবাস করছি, যেখান থেকে পেট্রোলিয়াম আসে, সেখানে যুদ্ধ লেগেছে। এই যুদ্ধ কতদিন চলবে জানি না। তবে, আমার কাছে যে মজুদ আছে, সেটা সাশ্রয়ীভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহবান জানিয়েছি। আমরা রেশনিং শুরু করেছি।

বিদ্যুতের বিষয়ে তিনি বলেন, সেহরি এবং তারাবির সময় কোনো লোডশেডিং হবে না। মাত্র ২০ দিন হয়েছে আমরা ক্ষমতায় এসেছি, একটা ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছি। ৭৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। সেই সিস্টেমকে আমরা ইনশাআল্লাহ এখনো ভালো রেখেছি। ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। এর জন্য আমরা জনগণের সহযোগিতা চাই।

বিরোধী দল আতঙ্ক ছড়িয়েছে– মন্তব্য করে তিনি বলেন, হয়তো এই যুদ্ধের কারণে আমরা বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেবো। আমি গতকাল আশ্বস্ত করেছি, আপাতত বিদ্যুৎের দাম বাড়াচ্ছি না।

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা আক্তার রিমির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম, ছাত্রদলের সাবেক সভাপতি খোকন, সংগঠনের সাধারণ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

/এফসি/