শিরোনাম

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি
ছবি: সংগৃহীত

শেরপুরে সহিংসতায় জামায়াতে ইসলামীর নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্বর্তীকালীন সরকার। সহিংসতায় মানুষের প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি অত্যন্ত দুঃখজনক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচন মাত্র দুই সপ্তাহ দূরে। এমতাবস্থায় সরকার বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের পাশাপাশি তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি বা প্রাণহানির কোনো স্থান নেই।

এতে আরও বলা হয়, শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সব রাজনৈতিক দল, নেতা ও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী সকলকে শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল বলেও বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

/জেএইচ/