শিরোনাম

শান্তি রক্ষায় জাতিসংঘকে সহযোগিতা করে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
শান্তি রক্ষায় জাতিসংঘকে সহযোগিতা করে যাবে বাংলাদেশ
যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের প্রতিনিধিদলের সঙ্গে ফটোসেশনে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা, বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সোমবার (১১ মে) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সফরে আসা যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রতিনিধিদলকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। এসময় তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের ভিত্তিতেই জাতিসংঘের সঙ্গে দেশের দীর্ঘদিনের সম্পৃক্ততা গড়ে উঠেছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহৎ অংশগ্রহণকারী দেশ এবং বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীরা সুনাম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

রাষ্ট্রদূত প্রতিনিধিদলকে বাংলাদেশের স্থায়ী মিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি শান্তিরক্ষা, টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায়বিচারের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও ঐতিহ্যকে আরও শক্তিশালী এবং সম্প্রসারিত করতে মিশনের সক্রিয় সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন।

রাষ্ট্রদূত আরও বলেন, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সংলাপ, সমঝোতা ও ঐকমত্যভিত্তিক উদ্যোগের কোনো বিকল্প নেই।

/এফআর/