শিরোনাম

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়া-পেকুয়াসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৭ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শুভেচ্ছাবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুমহান শিক্ষা দেয়। একইসঙ্গে ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।

তিনি বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা লাভ করে যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সেই আনন্দে সমভাবে অংশ নিতে পারে।

বার্তায় তিনি বিত্তশালী ও সামর্থ্যবানদের প্রতি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে প্রশাসন, পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বার্তায় শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে তিনি বলেন, ঈদের শিক্ষা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।

সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে প্রত্যাশাও ব্যক্ত করেছেন মন্ত্রী।

/জেএইচ/