জাতীয় সংবিধান দিবস আজ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জাতীয় সংবিধান দিবস আজ
প্রতীকী ছবি

আজ ৪ নভেম্বর, বাংলাদেশের জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। বাঙালির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সংবিধানে। এ বছর সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর পূর্ণ হলো।

বাংলাদেশের সংবিধান দেশের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের শাসনব্যবস্থা, সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা ও দায়িত্ব, নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই সংবিধানের মাধ্যমে নির্ধারিত হয়েছে।

১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর নতুন রাষ্ট্রের জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরদিন ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। দীর্ঘ পর্যালোচনা ও আলোচনার পর কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করে।

কয়েক দফা আলোচনা ও সংশোধনীর পর ৪ নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয়। পরে ১৬ ডিসেম্বর ১৯৭২, মহান বিজয় দিবসে এটি কার্যকর হয়।

বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। এগুলো ১১টি ভাগে বিন্যস্ত। পাশাপাশি রয়েছে চারটি তফসিল। এতে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে অন্তর্ভুক্ত করা হয়। এই মূলনীতিগুলোর মাধ্যমে একটি স্বাধীন, গণতান্ত্রিক, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরা হয়।

সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, জাতীয় সংসদ, বিচার বিভাগ, নির্বাচন এবং সরকারি কর্মব্যবস্থাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সংবিধানের তৃতীয় ভাগে নাগরিকের মৌলিক অধিকার তুলে ধরা হয়েছে। আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার মতো বিষয় এতে স্থান পেয়েছে।

সংবিধান গৃহীত হওয়ার দিন ৪ নভেম্বরকে ২০২২ সালে জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে দিবসটির সরকারি মর্যাদা নিয়ে পরিবর্তন আসে। তবে বাংলাদেশের ইতিহাসে ৪ নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার দিন হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

তাই প্রতি বছর ৪ নভেম্বর সংবিধান দিবস পালনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক যাত্রার ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করা হয়।

/এফআর/