শিরোনাম

ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

দুই দিনের সফরে মঙ্গলবার (৭ এপ্রিল) ভারতের দিল্লিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

সরকারের উচ্চপর্যায়ের সূত্র অনুযায়ী, মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে ভারতের অবস্থান জানতে ও বুঝতে চাইবে বাংলাদেশ। পাশাপাশি শুধু বর্তমান সরকারের মেয়াদকালেই নয়, দীর্ঘ মেয়াদে পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে সম্পর্কটা এগিয়ে নিতে দুই দেশ যেন সচেষ্ট থাকে, সেই বার্তাও দেবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশগ্রহণের জন্য দিল্লি হয়ে মরিশাস যাবেন। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তার সফরে সঙ্গী থাকবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সাথেও খলিলুর রহমানের সাক্ষাতের বিষয়ে আলোচনা চলছে। সফরের সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে।

ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে ভারতে যাচ্ছি। দিল্লি সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ হবে। এসব আলোচনায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা হবে। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক চাই।

/এসবি/