শিরোনাম

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মেইজুন। ছবি: পিআইডি

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মেইজুন।

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেওয়ার পর বুধবার (২৪ জুন) বিকালে হাইস্পিড ট্রেনে করে বেইজিংয়ে পৌঁছান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। এর আগে স্থানীয় সময় দুপুর ২টায় তারা দালিয়ান থেকে যাত্রা শুরু করেন।

বেইজিংয়ে হাইস্পিড ট্রেন থেকে নামার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানায় চীনা শিশুরা। ছবি: পিএমও
বেইজিংয়ে হাইস্পিড ট্রেন থেকে নামার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানায় চীনা শিশুরা। ছবি: পিএমও

রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। একটি সুসজ্জিত দল স্ট্যাটিক গার্ড অব অনার দেয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী এই সফরে বেইজিংয়ে ‘দিয়াওইতই’ রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। বিকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং। এরপর সেখানে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক হবে।

শুক্রবার (২৬ জুন) গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া চীনা কমিউনিসট পার্টির শীর্ষ নেতারাও তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে রবিবার (২১ জুন) মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বিকালে তিনি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে পৌঁছান।

চীনের প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের আমন্ত্রণে চীন সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

/এফসি/