শিরোনাম

আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

একদিনের সফরে আজ শনিবার ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি ত্রিশালের কানহর এলাকায় ধরার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন এবং ময়মনসিংহ অঞ্চলের বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ত্রিশালসহ পুরো ময়মনসিংহ জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে বরণ করে নিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও তোরণ টানানো হয়েছে। বিশেষ করে ত্রিশাল পৌর শহর, সরকারি নজরুল একাডেমি মাঠ, দারোগা বাড়ি এবং এর আশপাশের এলাকা সেজেছে নতুন রূপে।

সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) সকাল ৯টায় ঢাকা থেকে সড়ক পথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘ধরার খাল’ বা বৈলর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। পরবর্তীতে বেলা ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

বিকালে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টা তিনি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

/জেএইচ/