শিরোনাম

মার্কিন বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে আসছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্কিন বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে আসছেন
সার্জিও গোর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গোর আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটাই হবে কোনো মার্কিন দূতের প্রথম বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী গোরের ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। তা‌রিখ এখ‌নও চূড়ান্ত হয়‌নি। তবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দেশে আসার সঙ্গে সমন্বয় করে এই সফর অনুষ্ঠিত হবে। আগামী ২৮ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে আছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করে বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সফর করবেন। সেখানে ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর ম্যানিলা থেকে সরকারি সফরে তার মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে। সেখানে ২৬ জুলাই মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর তিনি দেশে ফিরে আসবেন।

কূটনৈতিক সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। বিশেষ করে চীন সফরের পর এবং চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পৃক্ততার পর মার্কিন দূতের এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সার্জিও গোর মা‌র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে প‌রি‌চিত।

/এফসি/