শিরোনাম

পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২ জানুয়ারি) এক বাণীতে তিনি বলেছেন, পবিত্র শবেবরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ।

আগামীকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) পবিত্র শবেবরাত। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবেবরাত হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। হাদিসে বর্ণিত আছে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। তাই এ রাতকে সৌভাগ্যময় রজনী হিসেবে বিশ্বাস করা হয়।

তিনি বলেন, মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত।

প্রধান উপদেষ্টা সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন, পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করি এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করি। সব অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন। আমীন।

/এফসি/