শিরোনাম

ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় হাইকমিশনের বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় হাইকমিশনের বিশেষ বার্তা

বাংলাদেশে ভিসা সেবার নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে আবেদনকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে হাইকমিশন।

বার্তায় বলা হয়েছে, প্রতারকরা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার পরিচয় দিয়ে ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।

এতে বলা হয়েছে, আমাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব কিংবা অর্থ চেয়ে যোগাযোগ করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী কঠোরভাবে সম্পন্ন করা হয়। এ ধরনের কোনো ফোন, বার্তা বা প্রস্তাব পেলে কাউকে কোনো ধরনের অর্থ পরিশোধ না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক কোনো তথ্যও শেয়ার না করতে বলা হয়েছে।

এ ছাড়া এমন প্রতারণার ঘটনা ঘটলে দ্রুত ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর, স্ক্রিনশটসহ পাওয়া যায় এমন অন্যান্য তথ্যসহ হাইকমিশনের নির্ধারিত ই-মেইল ঠিকানায় অভিযোগ জানাতে বলা হয়েছে।

ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় হাইকমিশনের বিশেষ বার্তা

বার্তায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

/এসবি/