শিরোনাম

বিচারের দাবিতে যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বিচারের দাবিতে যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী
হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের সদস্যরা। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে তার স্ত্রী ও ইনকিলাব মঞ্চ। এ সময় সংগঠনটির পক্ষ থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে ঘটনার তদন্তের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ।

ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ আরও অনেকেই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সেখানে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, হত্যাকাণ্ডের তদন্তে সরকার এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং সংশ্লিষ্ট সংস্থাগুলো চারবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা পেছিয়েছে।

‘দেশে নির্বাচনী আমেজ তৈরি হওয়ায় শহীদ শরীফ ওসমান হাদির হত্যার তদন্ত বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে সরকার ব্যস্ত। কিন্তু যাদের মাধ্যমে দেশে সরকার এসেছে এবং রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারছে, সেই সরকার কিংবা রাজনৈতিক দলগুলো কেউই এই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো উদ্যোগ নিচ্ছে না।’

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বিচার না করে, তাহলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হবেন।

তিনি আরও বলেন, এখানে শহিদ ওসমান হাদির স্ত্রী বসে আছে, তার গাঁয়ে যদি একটা টোকা পড়ে, কিংবা কেউ আল্টিমেটাম দিতে আসে, তবে তার মুখ ভেঙে দেওয়া হবে।

ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে ইনকিলাব মঞ্চ সর্বাত্মক সহযোগিতা করে আসছে। কিন্তু ইনকিলাব মঞ্চকে সহযোগিতার ক্ষেত্রে বারবার সবাই হাত গুটিয়ে নিয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী যমুনার সামনে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, অসহযোগিতা বাড়তে থাকলে ইনকিলাব মঞ্চ জনগণের সহায়তা নেবে এবং সারাদেশের জনগণকে নিয়ে যমুনার সামনে অবস্থান করবে। পরিস্থিতি সামলানোর দায়ভার সরকারের।

এদি‌কে রাত সা‌ড়ে ৯টার দি‌কে সংহতি প্রকাশ করে আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

/জেএইচ/