শিরোনাম

ভোটের দিন নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা, আওতামুক্ত থাকবে যেসব সেবা

ভোটের দিন নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা, আওতামুক্ত থাকবে যেসব সেবা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্দিষ্ট নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণের নির্ধারিত দিন ১২ ফেব্রুয়ারির আগের মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ এবং ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধ থাকবে। তবে নির্দিষ্ট রুটে চলাচলকারী নৌযান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট এবং পরিচয়পত্রধারী দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে প্রয়োজনে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

সেইসঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহে নিয়োজিত পরিচয়পত্রধারী দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত নৌযানও নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

প্রধান নৌপথগুলোতে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য সরবরাহ এবং অন্যান্য বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করার ব্যবস্থা নিতে পারবেন।

প্রধান প্রধান নৌপথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনা করে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা দেওয়া হয়েছে।

সূত্র: বাসস

/জেএইচ/