শেখ হাসিনা কখনই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘রাজনৈতিক স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা কখনই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘রাজনৈতিক স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনকে স্রেফ ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সে কখনোই ফিরবেন না।

সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন। তিনি জানান, দণ্ডিত শেখ হাসিনার দেশে ফেরা ও আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে বিস্তারিত আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান জানাতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

আমিনুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুক।

ট্রাইব্যুনালের মামলা প্রসঙ্গে তিনি বলেন, চব্বিশের জুলাই-আগস্ট গণহত্যার ১০টি মামলার তদন্ত প্রতিবেদন আমাদের প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে এসব যাচাই-বাছাই করা হচ্ছে। এরপরই আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। এ বিষয়ে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি দিয়েছেন। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে তারা বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তারা তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

চিঠিটা রয়টার্স দেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

/জেএইচ/