শিরোনাম

পূর্বাচলকে দ্রুত বাসযোগ্য করতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পূর্বাচলকে দ্রুত বাসযোগ্য করতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
মতবিনিময় সভায় কথা বলছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাসযোগ্য করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সভাকক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। পূর্বাচলকে এমন একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল চালু হলে শুধু প্রয়োজনীয় সেবাই নিশ্চিত হবে না, একই সঙ্গে সেখানে মানুষের বসবাসের প্রবণতাও বাড়বে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের দ্রুত নিজ নিজ স্থাপনার নির্মাণকাজ শুরুর আহ্বান জানান তিনি।

সোহেল মনজুর বলেন, পূর্বাচলকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। এ কাজে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

সভায় সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এতে প্রকল্প-সংশ্লিষ্ট রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য বরাদ্দপ্রাপ্ত প্লট গ্রহীতা ও তাদের প্রতিনিধিরাও অংশ নেন।

/এসবি/