প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি: দুই প্রকৌশলীকে দায়িত্ব থেকে অব্যাহতি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি: দুই প্রকৌশলীকে দায়িত্ব থেকে অব্যাহতি
জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান

জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৭৭৭-এ যান্ত্রিক ত্রুটি ঘটনায় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির দুই প্রকৌশলীকে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন- মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল মান্নান। এ ঘটনায় গত ৩০ অক্টোবর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কোনো গুরুত্বপূর্ণ রুটে দায়িত্ব দেওয়া হবে না। এছাড়া তাদের স্টেশন ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্ত চলাকালে তাদের ঢাকাতেই অবস্থান করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি লন্ডন স্টেশনে আউটস্টেশন এয়ারক্রাফট টেকনিক্যাল সার্টিফিকেশন প্রদানের জন্য প্রকৌশলী কর্মকর্তা সাদেকুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল মান্নানকে মনোনীত করা হয়েছিল। কিন্তু ২৯ অক্টোবর জাপানের নারিতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। এরপর তাদের দায়িত্ব থেকে সরিয়ে পরবর্তীতে প্রকৌশলী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান (পি-৩৫০১৮) ও বদরুদ্দোজা মো. মাহফুজকে (পি-৩৫০৯৭) লন্ডন স্টেশনের দায়িত্ব দেওয়ার দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করেছে বিমান কর্তৃপক্ষ। ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত চলছে এবং ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে গত ২৯ অক্টোবর নারিতা বিমানবন্দর থেকে ঢাকা ফেরার প্রস্তুতিকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৭৭৭-এ উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটির সতর্কবার্তা দেখা দেয়। পরে প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া শেষে ফ্লাইটটি প্রায় সাড়ে ৪ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং বিমানের প্রকৌশল বিভাগের ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া। সংশ্লিষ্টদের দাবি, উড়োজাহাজটির স্পয়লারের ত্রুটি পুরোপুরি নিরসন না করেই ন্যূনতম সরঞ্জাম তালিকা (এমইএল)-এর ব্যাখ্যা ব্যবহার করে উড্ডয়নের ছাড়পত্র দেওয়া হয়েছিল।

ওই ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি প্রকৌশল বিভাগের একজন শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে উড়োজাহাজটির কারিগরি ইতিহাস, ত্রুটি শনাক্তকরণ, এমইএল প্রয়োগ এবং উড্ডয়নযোগ্যতার সনদ প্রদানের প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ অবস্থায় গুরুত্বপূর্ণ রুট থেকে ওই দুই প্রকৌশলীকে সরিয়ে দেওয়া হলো।

সংশ্লিষ্টদের মতে, ভিভিআইপি ফ্লাইটের মতো স্পর্শকাতর ক্ষেত্রে কারিগরি সিদ্ধান্তের সামান্য বিচ্যুতিও বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। তাই তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা যৌক্তিক।

তবে শুধু দায়িত্ব পরিবর্তন করেই ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই। কার নির্দেশে এবং কোন কারিগরি মূল্যায়নের ভিত্তিতে উড়োজাহাজটিকে উড্ডয়নযোগ্য ঘোষণা করা হয়েছিল, তা স্পষ্ট করতে হবে। তদন্তে যাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা আরও বলছেন, ২০১৪ সালের বিমান লিজ-সংক্রান্ত দুর্নীতি মামলার বিচারাধীন আসামি সাদেকুল ইসলামকে এমন সংবেদনশীল দায়িত্বে নিয়োগ দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখতে হবে।

/জেএইচ/