শিরোনাম

খামেনির জানাজায় স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
খামেনির জানাজায় স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা
শোক বইতে স্বাক্ষর করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ছবি: বাসস

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত এই নেতার বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। পরে সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন।

এর আগে হাফিজ উদ্দিন আহমদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে তিনি সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি ইরান ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।

সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে গালিবাফের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরানসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে আসবে। বাংলাদেশ এই শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন বজায় রাখবে বলেও জানান তিনি। পাশাপাশি সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাফিজ উদ্দিন।

এ সময় তিনি ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এর আগে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৩ জুলাই) তেহরান পৌঁছান হাফিজ উদ্দিন। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

/জেএইচ/