শিরোনাম

নির্বাচনে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এক লাখ সেনা মোতায়েন: সেনাসদর

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এক লাখ সেনা মোতায়েন: সেনাসদর
সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন। ছবি: সিটিজেন জার্নাল

আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সারা দেশে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর। আগের নির্বাচনের তুলনায় এবার সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। একই সঙ্গে এই প্রথম ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাবাহিনী। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করা ও আস্থা ফিরিয়ে আনতেই এই বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।

তিনি জানান, আগের নির্বাচনগুলোতে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছিল। সেসব নির্বাচনে সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করত। তবে এবারের নির্বাচনে পরিস্থিতি ভিন্ন। এবার সেনাসদস্যদের ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে, যা আগে ছিল না।

এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন বলেন, সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে বিষয়টি মাথায় রেখে সেনাবাহিনী প্রধান ন্যূনতম প্রয়োজনীয় সদস্য রেখে বাকি সেনাসদস্যদের নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত করেছেন। উদ্দেশ্য একটাই– সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।

তিনি আরও বলেন, বাড়তি সেনাসদস্য মোতায়েনের কারণে প্রয়োজনীয় যানবাহনের সংকট দেখা দিয়েছে। এ জন্য অসামরিক প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হয়েছে। তারা পর্যাপ্ত যানবাহন দিতে না পারলে ভাড়া করে হলেও সেনাসদস্যদের টহল নিশ্চিত করা হচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন বলেন, সেনাসদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে টহল পরিচালনা করছেন। ভোটারদের আস্থার জায়গা ফিরিয়ে আনাই এই জোরদার নিরাপত্তা ব্যবস্থার মূল লক্ষ্য। এই কার্যক্রম গত ২০ জানুয়ারি থেকে কার্যকর রয়েছে।

/এসএ/