শিরোনাম

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান ডিনসিসির প্রশাসকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ডিএনসিসির অধীনস্থ মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দসহ ডিএনসিসির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ৮ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা অনুযায়ী অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ এজাজকে বক্তব্য শ্রবণ ও গ্রহণের জন্য নোটিশ দেওয়া হলেও তিনি দুদক কার্যালয়ে হাজির হননি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি এক নোটিশে দুদক মোহাম্মদ এজাজকে ২৯ জানুয়ারি দুদক কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়। বিভিন্ন অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে তকে ডাকা হলেও নির্ধারিত দিনে তিনি হাজির হননি।

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তিনি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

/এসএ/