শিরোনাম

পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

নিজস্ব প্রতিবেদক
পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির
সালাহউদ্দিন আহমদ ও জন ব্রান্ডোলিনো। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’ এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এর নির্বাহী পরিচালক জন ব্রান্ডোলিনোর সঙ্গে।

সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় বিকালে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার রোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে ইউএনওডিসি’র দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার।

স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে ইউএনওডিসির বিশেষ অবদানের কথা স্মরণ করেন। নির্বাচনের সময় সারা দেশের ৮৯ জন পুলিশ সুপার এবং ৫৭৪ জন অফিসার-ইন-চার্জকে বিশেষ প্রশিক্ষণ প্রদানে সহায়তা করে ইউএনওডিসি।

বৈঠকে মন্ত্রী বর্তমান সরকারের গৃহীত ‘পুলিশ সংস্কার’ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এই সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসির কারিগরি সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী।

ইউএনওডিসি’র নির্বাহী পরিচালক বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/টিই/