শিরোনাম

‘সরকারে আসার মূল্য এতটা কঠিন হবে ভাবিনি’

সিটিজেন ডেস্ক
‘সরকারে আসার মূল্য এতটা কঠিন হবে ভাবিনি’
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরও আলোচনায় রয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাকে ঘিরে চলমান সমালোচনা ও বিভিন্ন মহলের প্রচারণার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

রবিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ভালো কাজের জন্য মূল্য দিতে হয়—এ কথা জেনেই তিনি সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে সেই মূল্য যে এতটা কঠিন ও ভয়াবহ হবে, তা তিনি আগে কল্পনা করেননি।

তিনি বলেন, ‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়। এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু সেটা যে এতটা ভয়াবহ হবে, ভাবিনি।’

নিজেকে ঘিরে সমালোচনার বিষয়ে আক্ষেপ প্রকাশ করে ফারুকী বলেন, এমন অনেক ব্যক্তি তাকে নিয়ে মন্তব্য করছেন, যাদের নিয়ে অতীতে কখনো ভাবার প্রয়োজনও অনুভব করেননি। এমনকি তাদের নামও তার আলোচনার পরিসরে ছিল না।

তার ভাষায়, ‘এমনসব মানুষ আমাদের নিয়ে কথা বলছে, যাদের উত্তর দিলেও সম্মান থাকে না। তারা কোনোদিন আমাদের সিলেবাসে ছিল না। তাদের নামও আমাদের আড্ডায় উচ্চারিত হয়নি। অথচ এখন সাংবাদিকরা ফোন করে তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান। এটাই হয়তো সেই কাফফারা।’

ফারুকীর দাবি, তাকে ঘিরে যেসব মিথ্যাচার ও সংগঠিত প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোই প্রমাণ করে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সঠিক পথেই ছিলেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রোপাগান্ডাই বলে দেয়, আমি আমার কাজটা ঠিকমতো করতে পেরেছি।’

পোস্টের শেষাংশে নিজের রাজনৈতিক ও নৈতিক অবস্থানও স্পষ্ট করেন এই নির্মাতা। তিনি বলেন, যেকোনো সংকটময় সময়ে তিনি মানুষের পক্ষেই ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

ফারুকী লেখেন, ‘মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষেই থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।’

তার এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সমর্থকরা তার বক্তব্যের প্রতি সমর্থন জানালেও সমালোচকরাও বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও আপত্তি তুলেছেন।

/এমআর/