শিরোনাম

এটা শাহবাগ নয়, সংসদ: হাসনাতকে সতর্ক করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
এটা শাহবাগ নয়, সংসদ: হাসনাতকে সতর্ক করলেন স্পিকার
সংসদ অধিবেশনে হাসনাত আবদুল্লাহ ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে ‘সহিষ্ণু’ থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে স্পিকার বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর মৌখিক কথাবার্তা স্কোপ খুবই কম। নোটিশ দেবেন, উইল অ্যাডজিকিউটেড অন দ্য নোটিশেস।’

তিনি আরও বলেন, ‘আইনমন্ত্রীর কথা পূর্ণ বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরামর্শ দিয়ে বলেন, ‘সংসদের পরিবেশটা যেন আমরা একটু ভালো রাখি। এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে। এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই হয়েছে যে ৭৭, ৭৮ জন–বিরাট ব্যাপার একটা সংসদে। সুতরাং, আমরা এই স্পিরিট অব কো-অপারেশন নিয়ে সামনে এগোতে চাই।’

প্রসঙ্গত, গত ১২ মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ (শুক্রবার) ছিল প্রথম অধিবেশনের ১৩তম দিন। এদিন অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে মোট ২৪টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়।

পরে আগামী ১৫ এপ্রিল (বুধবার) বেলা ১১টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

/এফআর/