পূজায় কেনাকাটার স্বস্তি: রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পূজায় কেনাকাটার স্বস্তি: রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট
রাজধানীর বিপনী বিতান

দুর্গাপূজা ঘিরে ক্রেতা-বিক্রেতাদের বাড়তি সুবিধা দিতে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত কেনাকাটার সুযোগ থাকছে। বিদ্যুৎ বিভাগ থেকে সোমবার (৫ অক্টোবর) এক চিঠির মাধ্যমে নতুন এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নিয়ম রয়েছে। বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়েছে, পূজার কেনাকাটা বিবেচনা করে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবে উৎসব শেষ হলে ২৩ অক্টোবর থেকে আবারও আগের সময়সূচিতে অর্থাৎ রাত ৮টাতেই বন্ধ করতে হবে সব ব্যবসা প্রতিষ্ঠান।

নতুন সিদ্ধান্ত মাঠপর্যায়ে কার্যকর করার জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। এছাড়া বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকে বিষয়টি অবহিত করেছে। পাশাপাশি পিডিবি, ডিপিডিসি, ডেসকো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ওজোপাডিকো ও নেসকোর মতো বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোতেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

জ্বালানি সংকট কাটাতে এবং বিদ্যুৎ সাশ্রয়ের কারণ দেখিয়ে দোকানপাট খোলা রাখার সময়সূচিতে বারবার পরিবর্তন এনেছে সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এপ্রিলের শুরুতে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৬টা নির্ধারণ করা হলেও ব্যবসায়ীদের দাবিতে বাড়িয়ে ৭টা করা হয়েছিল।

পরবর্তীতে মে মাসে কোরবানির ঈদকে সামনে রেখে সময় বাড়িয়ে রাত ১০টা করা হয়। এরপর জুনে কমিয়ে ৯টা এবং সর্বশেষ ১২ আগস্ট থেকে রাত ৮টা নির্ধারণ করা হয়েছিল। সে সময় রাত ৮টার মধ্যে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার নির্দেশনার পাশাপাশি সন্ধ্যা ৭টার পর আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

/এমএকে/