শিরোনাম

মোটরসাইকেলে অগ্রিম কর প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
মোটরসাইকেলে অগ্রিম কর প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ

মোটরসাইকেলের ওপর সম্ভাব্য অগ্রিম কর বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন করেছে দুই শতাধিক বাইক ব্যবহারকারী। রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে এনবিআর ভবনের সামনের সড়কে সারিবদ্ধভাবে বাইক রেখে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

আন্দোলনকারীরা জানান, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর অগ্রিম কর (এআইটি) নামে নতুন একটি কর আরোপের কথা শোনা যাচ্ছে। আমরা এ সিদ্ধান্তের প্রতিবাদেই রাস্তায় নেমেছি।

বাইক ব্যবহারকারীদের দাবি, বর্তমানে মোটরসাইকেল আর কোনো বিলাসবহুল পণ্য নয়, বরং এটি সাধারণ মানুষের যাতায়াত ও অনেকের জীবিকার অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। তাই অবিলম্বে নতুন কর আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

এতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে ১১১-১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে দুই হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির জন্য পাঁচ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য দশ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দেশের লাখ লাখ মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

আন্দোলনকারীরা মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম কর প্রত্যাহার অথবা যৌক্তিকভাবে পুনর্বিবেচনার দাবি জানান।

/এফআর/