শিরোনাম

বিচার ব্যবস্থা স্বাধীন করতে সরকার অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী

খুলনা সংবাদদাতা
বিচার ব্যবস্থা স্বাধীন করতে সরকার অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

বিচার ব্যবস্থা স্বাধীন ও কার্যকর করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৮ মে) খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই। প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরও সুসংহত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

তিনি বলেন, আওয়ামী সরকার দেশকে যে অবস্থায় রেখে গেছে, সেখান থেকে উত্তরণে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে, আহত হয়েছেন অনেকেই। এ ছাড়াও বহু মানুষ কারাবরণ করেছেন। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে আনতে কাজ করছে সরকার।

মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান সময়ে অন্যতম আলোচিত বিষয় হলো জুলাই সনদ। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে সরকার। তবে দেশের স্বার্থে বিএনপি কয়েকটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী ও জেলা প্রশাসক হুরে জান্নাত প্রমুখ বক্তব্য রাখেন ।

/এসবি/