‘কৃষকদের জন্য শস্য বিমা চালু করবে সরকার’

যশোর সংবাদদাতা
যশোর সংবাদদাতা
‘কৃষকদের জন্য শস্য বিমা চালু করবে সরকার’

কৃষকদের জন্য শস্য বিমা চালু করবে সরকার। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৮ মে) যশোরে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, হাতের কালি মোছার আগেই সরকার কৃষক কার্ড প্রদানের মাধ্যমে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন করেছে। কৃষকরা এখন সরকারি ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ কিনতে পারছেন। তারা প্রয়োজনে স্বল্প সুদে কৃষিঋণও নিতে পারবেন। এ ছাড়া নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

তিনি বলেন, দেশের কৃষি খাতের অগ্রযাত্রার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার কৃষিবান্ধব কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও সরকারের প্রচেষ্টায় কৃষকের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ, ডিজেল ও সার সরবরাহ নিশ্চিত হওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধান ক্রয়ে কোনো ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।

/এসবি/