শিরোনাম

সরকারি ক্রয় কার্যক্রম ফলপ্রসু করতে কমিটি গঠন

সিটিজেন ডেস্ক
সরকারি ক্রয় কার্যক্রম ফলপ্রসু করতে কমিটি গঠন
ছবি: সিটিজেন গ্রাফিক্স

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও অর্থবহ করতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে এ কমিটির সভাপতি করা হয়েছে।

গত মঙ্গলবার (১২ মে) এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটির অন্য সদস্যরা হলেন, বাণিজ্যমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; মন্ত্রিপরিষদ সচিব; অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণে সুপারিশ করবে। পাশাপাশি ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫’ এর আওতাভুক্ত বিষয়গুলো পর্যালোচনা করবে। সেইসঙ্গে এগুলো আরও কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।

এছাড়াও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে আরোপিত যেকোনো দায়িত্বও পালন করবে নতুন এই কমিটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী এই কমিটির সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে তারা নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

/জেএইচ/