শিরোনাম

ডিএনসিসির ঈদ জামাতে ২৫ হাজার মানুষের আয়োজন

সিটিজেন ডেস্ক
ডিএনসিসির ঈদ জামাতে ২৫ হাজার মানুষের আয়োজন
রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের জামাতের আয়োজন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবারও ঈদুল ফিতরের প্রধান জামাতের আয়োজন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে একসঙ্গে প্রায় ২৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, মূল প্যান্ডেলটি স্টিল ফ্রেমের ওপর তৈরি করা হয়েছে, যেখানে প্রায় ৮ হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবেন। এর দুই পাশে বাঁশের প্যান্ডেলে আরও প্রায় ২ হাজার মানুষের জায়গা রাখা হয়েছে। পাশাপাশি খোলা মাঠেও ত্রিপল বিছিয়ে অতিরিক্ত মুসল্লিদের নামাজের ব্যবস্থা রাখা হবে। নারীদের জন্য পৃথক নামাজ ও অজুর ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে পুরো প্যান্ডেল এলাকায় ত্রিপল ও শেডের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে পানির ব্যবস্থা, সাউন্ড সিস্টেম, পর্যাপ্ত ফ্যান এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটির অঞ্চল–৫–এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঈদ জামাতের পুরো আয়োজনের পেছনে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করছে। কাজটি সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) ইএফএ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ঈদের জামাতে মুসল্লিদের যেন কোনো অসুবিধা না হয় এবং নারী-পুরুষ সবাই যেন স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে ধরে নিয়ে স্টিলের স্ট্রাকচার দিয়ে শেড তৈরি করা হয়েছে।

প্রশাসক আরও বলেন, ১০ হাজার মানুষের নামাজের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর বাইরে আরও মুসল্লি হলে তাৎক্ষণিকভাবে যেন নামাজের ব্যবস্থা করা যায়, সে প্রস্তুতিও রাখা হয়েছে। মানুষের নিরাপত্তায় প্রবেশপথে আর্চওয়ে থাকবে এবং নামাজিদের নিরাপত্তায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

তিনি নগরবাসীকে এই জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

/এমআর/