শিরোনাম

দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, নাকি সালাউদ্দিন আহমদ- প্রশ্ন দিলারা চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, নাকি সালাউদ্দিন আহমদ- প্রশ্ন দিলারা চৌধুরীর
অধ্যাপক দিলারা জামান চৌধুরী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, নাকি তারেক রহমান? গুরুত্বপূর্ণ বিষয়ে তারেক রহমান নীরব থেকে অন্য নেতার মাধ্যমে বক্তব্য দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের’ উদ্যোগে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘জুলাই সনদ ও জুলাইয়ের ঐক্য হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে, এমন একটি সন্দেহ তৈরি হয়েছে। গণভোট নিয়ে বিএনপি যে অবস্থান নিয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। একটি রাজনৈতিক প্রশ্নকে বিচার বিভাগের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই সমীচীন নয়।’

তিনি বলেন, ‘আমি বিএনপিকে নিয়ে অনেক আশা করেছিলাম। চব্বিশের পর বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে নিজেদের নেতৃত্বে গড়ে তোলার সুযোগ বিএনপির ছিল। কিন্তু তাদের কে বোঝালো গণভোটের বিরুদ্ধে অবস্থান নিতে হবে- তা বোধগম্য নয়।’

‘বিএনপি যে পথে হাঁটছে, তাতে অতীতের অভিজ্ঞতা থেকে তারা যথেষ্ট শিক্ষা নেয়নি বলে মনে হচ্ছে,’ যোগ করেন তিনি।

দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের কথা তুলে ধরে অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘এসব সমস্যার কার্যকর সমাধান প্রয়োজন। জুলাই সনদ মেনে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়েই বর্তমান সংকট মোকাবিলা করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘জনগণ বিপ্লব করে আপনাদের দেশে নিয়ে এসেছে। সুতরাং জনগণকে ভুলে যাবেন না। আমাদের সামনে কঠিন সময় আসছে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক ফাহিম মাশরুরের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট শিশির মনির প্রমুখ।

/এমএইচএম/জেএইচ/