শিরোনাম

তারেক রহমানকে টেলিফোনে ঈদ শুভেচ্ছা শাহবাজ শরিফের

সিটিজেন ডেস্ক
তারেক রহমানকে টেলিফোনে ঈদ শুভেচ্ছা শাহবাজ শরিফের
তারেক রহমান ও শাহবাজ শরিফ। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। এসময় তিনি দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন।

শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়, দুই নেতার মধ্যে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক আলাপচারিতা হয়েছে। এসময় তারেক রহমান ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানান।

তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তারেক রহমানকে এই বলে আশ্বস্ত করেন যে, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তান দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

উভয় নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। মতপার্থক্য ও বিরোধ নিরসনে তারা সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন।

শাহবাজ শরিফের ঈদের শুভেচ্ছার প্রতিউত্তরে তারেক রহমানও পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা জানান।

উভয় নেতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

/এফসি/