কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনেও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছেবলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রাণিসম্পদ খাতে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে। পোল্ট্রি খাতের সঙ্গে বর্তমানে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যার মধ্যে ৪০ শতাংশই নারী। বর্তমানে এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

তিনি বলেন, বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি দৈনিক জীবিকা নির্বাহের জন্য পশু পালন করে থাকেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা অজস্র খামার দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে অবদান রাখছে। তাই পশুপ্রাণীর চিকিৎসা নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।

তারেক রহমান বলেন, আপনারা জেনে আশ্বস্ত হবেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ইতোমধ্যে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে, যদিও এটি পর্যাপ্ত নয়। এ কারণে সরকার ইতোমধ্যে আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, গ্রামীণ বা কৃষি অর্থনীতির প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যদি নিজেরাই নিজস্ব উৎপাদনে পুষ্টির জোগান দিতে এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে সক্ষম হই, তবে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়া কঠিন কিছু নয়। শুধু প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা এবং এর সঠিক বাস্তবায়ন।

প্রধানমন্ত্রী বলেন, যে প্রজন্ম পুষ্টিগতভাবে শক্তিশালী হয়, তাদের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তিও তত বেশি বিকশিত হয়। তাই মেধাবী জাতি গঠনের স্বপ্ন পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত। আমরা একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের জন্য এগিয়ে যাচ্ছি, আর মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের শতকরা ৫৬ ভাগ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হয়। প্রাণিজ আমিষের উৎপাদন কেবল খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।

তিনি বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনেই সীমাবদ্ধ নয় বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ; আর কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী খাতে রূপ নিচ্ছে। বর্তমান সরকারের সময়কালে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এই খাতের বিকাশে সরকার সব ধরনের নীতি সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা পর্যায়ক্রমে আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশ একদিকে প্রাণিসম্পদ খাতে আরও স্বনির্ভর হয়ে উঠবে, অন্যদিকে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা।

/এসবি/