শিরোনাম

সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ-নেপাল

নিজস্ব প্রতিবেদক
সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ-নেপাল
নেপাল উৎসবে বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

‘নেপাল উৎসব ২০২৬’ বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও নেপালের সম্পর্ক কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, এটি দুই দেশের জনগণের পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের গভীর বন্ধনে আবদ্ধ। ভৌগোলিক সীমারেখা আলাদা হলেও আমাদের সংস্কৃতি, সম্প্রীতি ও আতিথেয়তার চেতনা আমাদেরকে এক অভিন্ন বন্ধনে যুক্ত করেছে।’

শুক্রবার (১৫ মে) বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত নেপাল উৎসবের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও গভীর করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এবং শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্বে বিভাজন ও অসহিষ্ণুতার নানা বাস্তবতার বিপরীতে সংস্কৃতিই হতে পারে শান্তি, সহমর্মিতা ও মানবিক সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বৈচিত্র্য কখনো বিভেদের কারণ নয়, বরং তা সৌন্দর্য, সৃজনশীলতা এবং ঐক্যের এক অনন্য শক্তি। এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

নেপালের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়-পর্বতময় ভূপ্রকৃতির প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সবসময় নেপালের সাথে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করে।’

এসময় নিতাই রায় চৌধুরী আশা প্রকাশ করে বলেন, ‘আগামী দিনে সংস্কৃতি, পর্যটন, শিক্ষা, যুব বিনিময় এবং আঞ্চলিক কানেক্টিভিটির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।’

অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘এ উৎসবের মাধ্যমে বাংলাদেশের মানুষ নেপালের ঐতিহ্যবাহী রন্ধনশিল্প, সংগীত, নৃত্য ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা উপভোগের সুযোগ পাচ্ছেন, যা দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

অনুষ্ঠান শেষে উৎসবের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

/এফআর/