শিরোনাম

দ্বিতীয় পদ্মা সেতুর ব্যয় কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় পদ্মা সেতুর ব্যয় কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী
জাতীয় সংসদে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

দৌলতিদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

নুরুন্নিসা সিদ্দিকা অর্থমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, রাজবাড়ী জেলার দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে বহুল প্রতীক্ষিত ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়েছে কি না, না থাকলে কারণ কী?

প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পটি সরকারের নির্বাচনি ইশতেহারে প্রতিশ্রুত অন্যতম প্রকল্প। বর্তমানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় (সবুজ পাতা) ‘পাটুরিয়া-দৌলতদিয়া ২য় পদ্মা সেতু নির্মাণ’ প্রকল্পটি অন্তর্ভুক্তকরণের সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নির্মাণের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সুনির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয় নি। তবে প্রকল্প নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার লক্ষ্যে সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে (নিজস্ব অর্থায়ন) ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

/এসবি/