শিরোনাম

যেভাবে ১৬ কেজি ওজন কমালেন সালমান খান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যেভাবে ১৬ কেজি ওজন কমালেন সালমান খান
অভিনেতা সালমান খান

‘বয়স সবাইকে ধরে, এমন কী সালমান খানকেও!’ সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি সরকারি অনুষ্ঠানে সালমানের উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে সালমানকে দেখে তার শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

সেই সময় সালমানের ছবির সঙ্গে প্রথম বাক্যটি ক্যাপশন আকারে ছড়িয়ে পড়ে অন্তর্জালের দুনিয়ায়। অনেক ভক্ত তার চেহারা দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ভিডিওতে সালমানকে কিছুটা ক্লান্ত ও অনেকটা রোগা দেখায়। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার সুস্থতা কামনা করে লেখেন, নব্বইয়ের দশকের সেই সুদর্শন নায়ককে এমন অবস্থায় দেখে তারা চিন্তিত। সালমান সম্ভাব্য কী অসুখে ভুগছেন, সেই আলোচনাও নেটিজেনদের হাত ধরে অনেক দূর গড়ায়।

অবশেষে সালমান খান নিজের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের অবসান ঘটিয়েছেন। জানিয়েছেন, অসুস্থতার কারণে নয়, বরং নতুন সিনেমার চরিত্রের জন্যই তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন।

সম্প্রতি প্রাইম ভিডিওর রিয়েলিটি শো ‘অ্যালিয়্যান্স’-এ ভাই সোহেল খানকে সমর্থন জানাতে বিশেষভাবে হাজির হন। সেখানেই সালমান বলেন, ‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।’

সালমানের এই পরিবর্তনের পেছনে আছে কঠোর ডায়েট ও শরীরচর্চা। তিনি মজা করে বলেন, ‘আমার তো প্রতিদিনই চিট ডে।’ম কিন্তু বাস্তবে তার খাদ্যতালিকা বেশ নিয়ন্ত্রিত। সালমান জানান, দিনে মাত্র এক টেবিলচামচ ভাত খান।

মূলত খান প্রোটিনসমৃদ্ধ খাবার। সকাল-সন্ধ্যায় কঠোর অনুশীলন তো আছেই। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার সালমানের ওজন ৭৫ কেজি। ৬০ বছর বয়সেও ফিটনেস ধরে রাখতে নিয়মিত ব্যায়াম চালিয়ে যাচ্ছেন সালমান। ওজন কমানোর পাশাপাশি নতুন চরিত্রের জন্য শরীরকে নির্দিষ্টভাবে গড়ে তুলতেই কঠোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এই অভিনেতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এসআর/