শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব, নম্বর বণ্টন কিভাবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব, নম্বর বণ্টন কিভাবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পরীক্ষায় নম্বরবণ্টন বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ২৩০ নম্বরের পরিবর্তে মোট ৪০০ নম্বরে নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় যথাক্রমে ১০০, ২০০ ও ১০০ নম্বর রাখার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে অনুষ্ঠিত এক সভায় এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধনের বিষয়ে সভাটি আয়োজন করা হয়েছিল।

সভায় উপস্থিত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, শিক্ষক নিয়োগ পরীক্ষার মোট নম্বর ৪০০ করার বিষয়টি আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবটি বর্তমানে আলোচনার পর্যায়েই রয়েছে।

বর্তমানে প্রারম্ভিক পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার একটি খসড়া পরিপত্র তৈরি করেছে এনটিআরসিএ। নতুন প্রস্তাব কার্যকর হলে পরীক্ষার নম্বরবণ্টনে বড় ধরনের পরিবর্তন আসবে।

এদিকে সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা নির্ধারণ এবং শিক্ষক নিয়োগসংক্রান্ত বিধিমালা নিয়েও আলোচনা হয়েছে। তবে এসব বিষয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

/এবি/