শিরোনাম

আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার

সিটিজেন ডেস্ক
আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার
‘গোল্ড অটাম’ নামের বাণিজ্যিক জাহাজ থেকে নাবিকদের উদ্ধার করে পাকিস্তান নৌবাহিনী। ছবি: সংগৃহীত

আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে আছেন বাংলাদেশি। এছাড়া চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, আরব সাগরের উত্তর অংশে পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে ‘গোল্ড অটাম’ নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি সংকেত পাঠানো হয়। সাহায্য চেয়ে পাঠানো সেই বার্তার পর পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস হুনাইন’ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।

তারা সফলভাবে নাবিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। নাবিকদের উদ্ধার করে করাচিতে নিয়ে আসা হয়। সেখান থেকেই নাবিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়নি ঠিক কতজন বাংলাদেশি আছেন জাহাজটিতে। নাবিকরা কেন সাহায্য চেয়েছিল তাও জানানো হয়নি।

পাকিস্তানের আইএসপিআর আরও জানায়, গত মার্চ মাসে সমুদ্রপথের নিরাপত্তা ও বাণিজ্য সুরক্ষায় বিশেষ অভিযান শুরু করেছিল পাকিস্তান। নিজেদের সীমানা রক্ষার পাশাপাশি যেকোনো দেশের মানুষের জীবন বাঁচাতে মানবিক কর্মকাণ্ডে পাকিস্তান নৌবাহিনী সব সময় তৎপর থাকে।

তবে দেশীয় একটি গণমাধ্যম ওই জাহাজে থাকা এক বাংলাদেশি নাবিকের সূত্রে বলছে, চীনের সাংহাই থেকে ওমানের সোহার বন্দরে যেতে হরমুজ প্রণালি অতিক্রম করার জন্য এগিয়ে যাচ্ছিলো পানামার পতাকাবাহী ‘এমভি গোল্ড অটাম’। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতির আগের দিন মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সেই জাহাজে মিসাইল হামলা হয়।

/টিই/