শিরোনাম

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৪৯

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৪৯
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে অন্তত ৪৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একাধিক চিরুনি অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (২১ আগস্ট) দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু, উত্তর ওয়াজিরিস্তান, ওরাকজাই ও খাইবার জেলায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে মোট ১২ জন নিহত হয়। অভিযানের পর সেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, হাতে তৈরি বোমার ডেটোনেটর, বিস্ফোরক দ্রব্য এবং কয়েকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সেনা সূত্রের বরাতে জানানো হয়, বেলুচিস্তানের মাস্তুং, মাচ, খুজদার ও পাঞ্জগুর জেলায় চালানো ১০টি পৃথক অভিযানে আরও ৩৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এসব আস্তানা থেকেও রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানোর বিভিন্ন সরঞ্জাম ও প্রচুর অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়।

গত কয়েক বছরে পাকিস্তানে প্রাণঘাতী হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। ইসলামাবাদ বরাবরই দাবি করে আসছে, এসব সহিংস ঘটনার নেপথ্যে রয়েছে আফগানিস্তানে অবস্থানরত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বিচ্ছিন্নতাবাদী দল বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। তবে কাবুল প্রশাসন শুরু থেকেই পাকিস্তানের এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/