শিরোনাম

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সিটিজেন ডেস্ক
সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা। ছবি: সংগৃহীত

আজ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে আগামী শুক্রবার (২০ মার্চ)। এই তথ্য নিশ্চিত করেছে দুইটি মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন। চাঁদ না দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ৩০টি রোজা পালন করবেন।

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০ মার্চ (শুক্রবার) সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন হবে। বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় এই ঘোষণা দেওয়া হয়েছে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যায় বৈঠক করে এবং দেশের কোথাও নতুন চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করেছে। ফলে চলতি বছরে সৌদি আরবে রমজান মাস পূর্ণ ৩০ দিন পালন করা হবে। ইসলামি ঐতিহ্য অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতে নতুন মাস নির্ধারণের নিয়ম অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুতে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটির ঘোষণা দিয়েছিল। সৌদি শ্রম আইনের আওতায়, বুধবার (১৮ মার্চ) রাত থেকে এই ছুটি শুরু হয়ে পরবর্তী চার দিন পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, ছুটির ঘোষণা আগেই নিয়োগকর্তা ও কর্মীদের কাছে স্পষ্টভাবে জানানো হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো তাদের কাজের সময়সূচি পরিকল্পনা করতে পারবে এবং জরুরি খাতের কার্যক্রম সচল রাখার পাশাপাশি কর্মীরাও ঈদের আনন্দ ও ছুটি উপভোগ করতে পারবেন।

সূত্র: গালফ নিউজ

/জেএইচ/