শিরোনাম

মার্কিন সেনাদের বিনাটিকিটে নরকে পাঠানোর হুঁশিয়ারি ইরানের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন সেনাদের বিনাটিকিটে নরকে পাঠানোর হুঁশিয়ারি ইরানের
খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি

মার্কিন হামলায় কোনো ইরানি নাগরিক প্রাণ হারালে তার পাল্টা জবাবে একজন আমেরিকান সেনাকে হত্যা করা হবে বলে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী এ পদক্ষেপকে এখন থেকে যুদ্ধক্ষেত্র পরিচালনার একটি ‘চূড়ান্ত ও আনুষ্ঠানিকভাবে ঘোষিত নীতি’ হিসেবে গণ্য করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম নিউজ ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-র মাধ্যমে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এ হুঁশিয়ারি দেন। মার্কিন বাহিনীকে চরম বার্তা দিয়ে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিটি শহিদ নাগরিকের বদলা নিতে সমান সংখ্যক আমেরিকান সেনাকে লক্ষ্যবস্তু করা হবে এবং তাদের জন্য ইরান ‘জাহান্নামে যাওয়ার সরাসরি ও বিনামূল্যের টিকিট’ প্রস্তুত করে রেখেছে। আইআরজিসির এ শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেন, এখন থেকে যুদ্ধক্ষেত্রে এ নিয়মটি কঠোরভাবে কার্যকর থাকবে। অতীতেও শত্রুর বিরুদ্ধে নিজেদের সক্ষমতার প্রমাণ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে উভয় দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় নতুন করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ উল্লেখিত যুদ্ধবিরতি আর কার্যকর নেই বলে ঘোষণা দেন। এই ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সামরিক হামলা চালিয়ে আসছে। অন্যদিকে, এর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, সরঞ্জাম ও স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করে আসছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/