শিরোনাম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০, নিখোঁজ ৫০ হাজার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০, নিখোঁজ ৫০ হাজার
ভেনেজুয়েলায় ভূমিকম্পে বিধ্বস্ত ভবনে উদ্ধার অভিযান

ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫০০ জনে দাঁড়িয়েছে। জীবিতদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হাজার হাজার নিখোঁজ মানুষের তালিকা ছোট করে আনার চেষ্টা করছে উদ্ধারকারীরা। এই ভয়াবহ প্রচেষ্টায় প্রাণের কিছু চিহ্ন মাঝে মাঝে স্বস্তি এনে দিচ্ছে।

এর আগে বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রথম আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এটি ছিল গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। সেখানে শত শত ভবন ধসে পড়েছে।

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এখনো জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা থাকায় অভিযান বন্ধ করা হচ্ছে না।

জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেন, ভূমিকম্পে প্রায় ১৫০০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩,১৫০ জন। দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পে ৭৭৪টি ভবন ধসে পড়েছে। এতে ১২,৭২১ জন বাস্তুচ্যুত হয়েছেন।

তিনি বলেন, ‘জীবন উদ্ধারের কাজ চালিয়ে যেতে এবং যারা ঘরবাড়ি হারিয়েছেন বা যে কোনো কারণেই হোক নিজেদের বাসস্থানে ফিরতে পারছেন না, তাদের থাকার জন্য আশ্রয়শিবির তৈরি করা হচ্ছে। আমরা এক কঠিন সময় পার করছি।’

এখনো ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে দিনরাত কাজ করছেন দেশি-বিদেশি উদ্ধারকর্মীরা। শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক বাবা ও তার ছেলেকেও জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

দেশটির বিরোধীদল-সমর্থিত একটি ওয়েবসাইটের দাবি করেছে, এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। আফটারশক অব্যাহত থাকায় উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

/জেএইচ/