শিরোনাম
অপারেশন সিন্দুর

পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের
পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান

যুদ্ধের প্রায় ১৬ মাস পেরিয়ে যাওয়ার পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ভারত। এক প্রতিবেদনে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে জানানো হয়, গত বছরের ১০ মে পাকিস্তানের জ্যাকোবাবাদের শাহবাজ বিমানঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছিল ভারতীয় বিমানবাহিনী। ও হামলায় মোট চারটি হ্যাঙ্গারকে লক্ষ্যবস্তু করা হয়, যেখানে যুদ্ধবিমান, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান এবং বেশ কিছু ড্রোন মজুত ছিল।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এ হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, একই অভিযানে একটি এডব্লিউএসিএস বিমান এবং কয়েকটি ড্রোনও ধ্বংস হওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া সারগোধা ও রহিম ইয়ার খান বিমানঘাঁটির রানওয়েতেও বড় ধরনের ক্ষতি সাধিত হয়েছে। এমনকি চাকলালা ও মুরিদের কমান্ড সেন্টারেও এ বিমান হামলার নিশানা করা হয়েছিল বলে উল্লেখ করেছে দিল্লি।

দাবিটি নতুন করে সামনে আসার আগেও পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের মুখে শোনা গেছে। গত বছরের আগস্টে ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিং দাবি করেছিলেন, ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন অন্তত পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান এবং একটি বড় আকৃতির বিমান ধ্বংস করা হয়েছিল। সে সময়ও তিনি জ্যাকোবাবাদে এফ-১৬ ধ্বংসের বিষয়টি উল্লেখ করেছিলেন। তবে বর্তমান এ দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে এফ-১৬ ধ্বংস বা ক্ষয়ক্ষতির বিষয়টি ভারতের একতরফা দাবি হিসেবেই রয়ে গেছে।

উল্লেখ্য, ‘অপারেশন সিন্দুর’কে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়েছিল ২০২৫ সালের ৭ মে। এর ঠিক তিন দিন পর, অর্থাৎ ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/