শিরোনাম

ভারতের অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা

সিটিজেন ডেস্ক
ভারতের অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা
ভারতের অরুণাচল প্রদেশের একটি মসজিদ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে একসঙ্গে ১৫টি মসজিদ সিলগালা করা হয়েছে। অবৈধ বসতি স্থাপন ও জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে বিতর্কের মধ্যে এসব মসজিদ সিলগালা করে রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল।

শুক্রবার (৫ জুন) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন (এপিআইওয়াইও) দীর্ঘদিন ধরে এসব ধর্মীয় স্থাপনা উচ্ছেদ ও অনুপ্রবেশ বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে। সম্প্রতি তারা ইটানগর রাজধানী অঞ্চলে (আইসিআর) ২৪ ঘণ্টার এক প্রতীকী হরতাল পালন করে। তাদের দাবি পুরোপুরি মানা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে রাজ্য সরকারের আনুষ্ঠানিক মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পিডি সোনা জানান, চলতি বছরের জানুয়ারি মাসে এপিআইওয়াইও প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি প্রথম সরকারের নজরে আসে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে রাজধানী কমপ্লেক্স এলাকায় প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্মিত সমস্ত ধর্মীয় স্থাপনা খুঁজে বের করার সুনির্দিষ্ট নির্দেশ দেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, জেলা কর্তৃপক্ষ সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রথমে ১২টি অননুমোদিত মসজিদ সিলগালা ও খালি করে দেয়। পরে গত ১ জুন মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের মধ্যে অনুষ্ঠিত আরেকটি জরুরি ফলোআপ বৈঠকে বাকি ৩টি মসজিদের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেগুলো সিলগালা করা হয়।

/এফসি/