শিরোনাম

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

সিরিয়া থেকে ধাপে ধাপে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘাঁটিটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলো এক দশকের বেশি সময় আগে তৈরি করা হয়েছিল আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর উত্থানের সময়।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের মধ্যেই ২০১৪ সালে আইএসের উত্থান ঘটে। অল্প সময়ের মধ্যেই সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে সংগঠনটি নিজেদের কথিত রাষ্ট্র প্রতিষ্ঠা করে।

আইএসকে দমনে ওই সময় সিরিয়ায় সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে আইএসের উত্থানের পর দেশটিতে প্রায় দুই হাজার সেনা পাঠানো হয়েছিল। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় এক হাজার মার্কিন সেনা রয়েছেন। তাদের সবাইকে শিগগিরই পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আইএস বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হলেও পরিস্থিতি এখন বদলেছে। সিরিয়ায় তুলনামূলক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইএসের হুমকিও আগের মতো শক্তিশালী নয়। তাই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে সেনাদের একটি দল ফিরিয়ে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট সামরিক ঘাঁটিও সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএ/