শিরোনাম

মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী
ভারতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে এ ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন এতদিন চুপ করে আছেন? পুলিশ যে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে, তাদের কাছে তিনি এখনও ক্ষমা চাননি। প্রধানমন্ত্রীর উচিত এখনই কথা বলা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের পুলিশি অভিযান বন্ধ করা।

সংসদ অধিবেশন শুরুর আগে বিরোধী দলের সাংসদদের নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানান রাহুল গান্ধী।

এর আগে, এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, ‘দিল্লির রাজপথে যেসব ছেলেমেয়ে নেমেছে তারা কোনো অপরাধী নয়। তারা নিজেদের অধিকার দাবি করছে। একটি সম্মানজনক, ন্যায্য এবং কার্যকর শিক্ষাব্যবস্থা পাওয়া তাদের অধিকার।’

তরুণদের সমর্থনে সিজেপি আন্দোলনের অংশ হিসেবে টানা ২১ দিন অনশন করার পর গত শনিবার দেশটির মানবাধিকারকর্মী সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরপরই ওই আন্দোলনের সূত্রপাত ঘটে।

ভারতের এক বিচারপতির মন্তব্যের জেরে গত মে মাসে যাত্রা শুরু করে সিজেপি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ অনুসারী তৈরি হয়েছে ব্যাঙ্গাত্মক এই দলটির। ভঙ্গুর শিক্ষাব্যবস্থা ও বেকারত্ব নিয়ে ব্যাপক ক্ষোভ ঘিরে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি প্রশ্ন করেছে, ‘এটি কি কোনো যুদ্ধক্ষেত্র? পুলিশ কেন শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস হামলা চালাচ্ছে?’

দিল্লির পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের আন্দোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি। এর পরও তারা বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয়াদিল্লির কিছু অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

/এসবি/