শিরোনাম

নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরির অভিযোগ, গ্রেপ্তার ২৯

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরির অভিযোগ, গ্রেপ্তার ২৯
উদ্ধার হওয়া টাকা (বাঁয়ে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

নেপালে বন্যার নদীর পানিতে ভেসে আসা একটি ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট করার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে পানিতে ভেসে যাওয়া এক মৃত নারীর কান থেকে স্বর্ণের দুল খুলে নেওয়ার অভিযোগেও দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাসুয়ার ভোতেকোশি এলাকায় বন্যায় একটি ব্যাংক থেকে ভেসে যায় সিন্দুকটি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেটি ধাদিংয়ের কাছে ত্রিশূলী নদীর তীরে এসে আটকে পড়ে। সুযোগ বুঝে স্থানীয় কিছু লোক সিন্দুকটি ভেঙে সব নগদ টাকা হাতিয়ে নেয়। ধাদিং পুলিশ খবর পেয়েই দ্রুত অভিযান চালায় এবং প্রাথমিক তল্লাশিতেই ২৯ জনকে আটক করে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রায় ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি (৭৪ লাখ ৯১ হাজার ৫২৪ টাকা)। আটক ব্যক্তিদের একটি বড় অংশ গলছি-৪ এর মাস্টারের বাসিন্দা। এ ছাড়া গলছি-৬ এর আদমঘাট, সিদ্ধলেক-৭ এর আদমতার এবং চিতওয়ান ও পারসা থেকে এসে সেখানে বসবাস করা অনেকেই এ দলে ছিলেন।

এর আগে নারায়ণী নদীতে এক মর্মান্তিক দৃশ্য ক্যামেরাবন্দি হয়। বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মৃতদেহ থেকে কয়েকজন লোক স্বর্ণের কানের দুল খুলে নিচ্ছিলেন। ভিডিওটি নজরে আসার পরই জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে নেপালের ক্ষয়ক্ষতির রূপ দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার (২৯ আগস্ট) তাদের পরিসংখ্যান সংশোধন করে জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত ৬২৬ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা গেছে। নিখোঁজ নেপালিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪২৬ জনে, যা শুক্রবার (২৮ আগস্ট) রাতেও ছিল ১,৯২৪ জন। তবে নিখোঁজ ৫১৭ জন বিদেশি নাগরিকের তথ্যে কোনো রদবদল হয়নি। প্রাকৃতিক দুর্যোগের ৩ দিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের মাঝে নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

সূত্র: এনডিটিভি

/এমএকে/