শিরোনাম

‘জঙ্গলের আইন’ ফেরার ভীতিতে বিশ্ব, চীন-রাশিয়ার সতর্কবার্তা

সিটিজেন ডেস্ক
‘জঙ্গলের আইন’ ফেরার ভীতিতে বিশ্ব, চীন-রাশিয়ার সতর্কবার্তা

বিশ্ব আবারও ‘জঙ্গলের আইনের’ দিকে ফিরে যেতে পারে বলে সতর্ক করেছে চীন ও রাশিয়া। বেইজিংয়ে দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের পর প্রকাশিত এক যৌথ ঘোষণায় এই আশঙ্কার কথা বলা হয়।

বুধবার (২০ মে) বেইজিংয়ের বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যৌথ ঘোষণায় বলা হয়, বিশ্ব পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বৈশ্বিক শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে নতুন ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিভাজন বাড়ছে এবং বিশ্ব ‘জঙ্গলের আইন’-এ ফিরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঘোষণায় আরও বলা হয়, কিছু দেশ একতরফাভাবে বিশ্বব্যবস্থা পরিচালনার চেষ্টা করেছে, নিজেদের স্বার্থ অন্যদের ওপর চাপিয়ে দিতে চেয়েছে এবং বিভিন্ন দেশের স্বাধীন উন্নয়ন সীমিত করার চেষ্টা করেছে। চীন ও রাশিয়ার মতে, এসব আচরণ ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ এবং এমন প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি।

যৌথ ঘোষণায় কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে আগে বিভিন্ন সময়ে চীন ও রাশিয়া অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র নিজেদের নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থা বিশ্বের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কয়েক দিনের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে পুতিন ও শি নিজেদের সম্পর্ককে ‘অটুট’ এবং ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেন।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান শি জিনপিং। গত সপ্তাহে ট্রাম্পকে যেভাবে সামরিক কুচকাওয়াজ ও আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে অভ্যর্থনা দেওয়া হয়েছিল, পুতিনকেও প্রায় একইভাবে স্বাগত জানানো হয়।

তবে বৈঠকের পরিবেশ ছিল আরও উষ্ণ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শি জিনপিং বলেন, চীন ও রাশিয়া রাজনৈতিক আস্থা ও কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করেছে এবং এই সম্পর্কের ভিত্তি দৃঢ় রয়েছে।

বৈঠকের শুরুতেই দুই নেতা দুই দেশের ‘বন্ধুত্বপূর্ণ সহযোগিতা’ চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও গণমাধ্যম খাতে একাধিক নতুন চুক্তিও সই হয়।

বিশ্ব রাজনীতিতে ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তার মধ্যে সাম্প্রতিক সময়ে শি জিনপিং একের পর এক বিশ্বনেতাকে বেইজিংয়ে আমন্ত্রণ জানাচ্ছেন। বিভিন্ন দেশ চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখাচ্ছে। একই সঙ্গে ইউক্রেন ও ইরান ইস্যুতে রাশিয়ার ওপর প্রভাব খাটিয়ে উত্তেজনা কমাতে শি জিনপিংয়ের ভূমিকা রাখার আহ্বানও জানানো হচ্ছে।

গ্যাস পাইপলাইন নিয়ে এগোচ্ছে চীন-রাশিয়া

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, চীন ও রাশিয়া ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাশিয়া থেকে বছরে সর্বোচ্চ ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হবে।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি আছে। তবে পাইপলাইনের রুট ও নির্মাণ পদ্ধতিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে।

/এফসি/