শিরোনাম

নেপালে বন্যার সাতদিন পর জীবিত উদ্ধার ৪৫ দিনের শিশু

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপালে বন্যার সাতদিন পর জীবিত উদ্ধার ৪৫ দিনের শিশু
নেপালে ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে

নেপালের ভয়াবহ বন্যা ও পাহাড়ি ধসের তাণ্ডবের মাঝে ভেসে এল এক টুকরো স্বস্তি ও আশার খবর। দেশটির রাসুয়া জেলা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ৪৫ দিনের এক শিশুকে। চারপাশে যখন শুধুই ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর কান্না, তখন এ শিশুর বেঁচে ফেরা স্থানীয়দের মনে সাহস আর আশা জোগাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বন্যা ও ধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রাসুয়া জেলার এক দুর্গম এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই তাকে রাসুয়ার ধাঙ্গে ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা দেখে জল এসেছে অনেকেরই চোখে। প্রতিকূল পরিবেশ আর প্রলয়ঙ্করি দুর্যোগ কাটিয়ে এইটুকু একটা শিশুর নিরাপদে ফিরে আসাকে নেটিজেনসহ স্থানীয় বাসিন্দারা নিছক ভাগ্য নয়, বরং ঈশ্বরের এক অলৌকিক লীলা বলেই আখ্যা দিচ্ছেন।

বর্তমানে নেপালের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ধসের কারণে পরিস্থিতি বেশ নাজুক ও উদ্বেগজনক। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে এ থমথমে পরিস্থিতির ভেতরেও ৪৫ দিনের শিশুটির জীবিত ফিরে আসার ঘটনা উদ্ধারকারী ও নিখোঁজদের স্বজনদের মনে নতুন আশা দেখাচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/